কি মূল্য আছে ভাষার যদি তা
প্রতিধ্বনি না তোলে নিস্তব্ধতায়
কি অর্থ হয় কবিতার
যখন তা আশ্রয় নয় স্বাধীনতার
কি মূল্য শিল্পের যদি তা জীবনে
না জাগায় রংধনু
গ্যালিভার জানেন লাপুটায় এক প্রজন্ম
বোঝে না আরেক প্রজন্মকে
নূহের নৌকার ভাষা বোঝেনি জনতা
যিশুর কথা আজো দুরূহ ইশারা
কিন্তু কাকাতুয়া বিড়ালের বন্ধুত্ব দেখেছি
হরিণ ও সিংহের
কুকুর ও ঘোড়ার
ফড়িং কথা বলে ঘাসের সঙ্গে
বানর বৃক্ষের
প্রজাপতি গোলাপের
আর মৌমাছি বাতাসের সাথে
শুধু মানুষে মানুষে দূরত্ব অনেক
দশ লক্ষ বছরে তারা কেউ কাউকে বোঝেনি
ভাষার কারাগার অভিধান
অভিধান পুড়িয়ে দিলে বর্ণ হবে
গনগনে চিতা ভস্ম থেকে জন্ম নেবে
বোধগম্য শিখা আর
শিরোনামহীন আশীর্বাদ
