বৃষ্টি তুমি
ইকবাল কবীর মোহন
বৃষ্টি তুমি মিষ্টি সুরে
দোলাও সবার মন
টাপুরটুপুর সুর যে তোমার
বাজছে সারাক্ষণ।
তোমার ছোঁয়ায় শুকনো মাঠে
জেগে ওঠে বন
তোমার জাদুর পরশ পেয়ে
শান্ত সবার মন।
খালে বিলে জল থইথই
হাঁসের সারি জোটে
কলাগাছের ভেলায় চড়ে
গাঁয়ের বালক ছোটে।
জুঁই চামেলির গন্ধ ছড়ায়
উদাস করে মন
বৃষ্টি তুমি আমার প্রিয়
কাছের আপনজন।
বর্ষা
সৈয়দ মাশহুদুল হক
কাল সারা দিন রবি ছিল
মেঘের চাদর মুড়ে
রাতেও ছিল ভ্যাপসা গরম
ঝরল বাদল ভোরে।
ঝরল বাদল মুষলধারে
থামল দুপুরবেলা
হাসল সুরুজ ঝিকিমিকি
সরিয়ে মেঘের ভেলা।
পুকুর-ডোবা ভরল জলে
টইটম্বুর খাল-ঝিল
মাছের মেলা বসল তাতে
উড়ল যে গাঙচিল।
ছুটল জেলে মাছ ধরতে
বেলা তখন দুপুর
অঝোর ধারায় ফের বৃষ্টি
ঝরে টাপুরটুপুর।
মেঘে যেন রোদ কেড়ে নেয়
নেয় পৃথিবীর ফর্সা
বৃষ্টি ঝরে টাপুরটুপুর
চলছে এখন বর্ষা।
বর্ষায়
হুমায়ুন আবিদ
বর্ষায় হাসে সবুজ পাতা
পাকে নানান ফল
আকাশ ঢাকে কালো মেঘে
নামে বৃষ্টি ঢল।
বর্ষায় বহে দখিন হাওয়া
দোলে ক্ষেতে ধান
মাঠে হাঁকে গরু-বাছুর
কৃষকে গায় গান।
বর্ষায় ভরে নদীনালা
চলে ডিঙি নাও
পাখপাখালির গানে মাতে
আমার সোনার গাঁও।
বর্ষায় ফোটে কদম, কেয়া
দেখতে লাগে বেশ
মন ভরে যায় বর্ষায় দেখে
আমার বাংলাদেশ।
বৃষ্টি পড়ে
আবদুস সামাদ
বর্ষাকালে বৃষ্টি পড়ে
টাপুরটুপুর করে
মেঘবুড়ির দুই চোখের জলে
নদীনালা ভরে।
দূর আকাশে সূর্যি মামা
লুকোচুরি খেলে
মাছের খোঁজে মাছরাঙাটা
রঙিন পাখা মেলে।
ঝিলের জলে ব্যাঙ সারা দিন
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে
ঝুম ঝুমাঝুম বৃষ্টি পড়ে
গাছের শাখে শাখে।
আষাঢ় শ্রাবণ
আহাদ আলী মোল্লা
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ঝরায়
নদনদী খাল গর্ত ভরায়
বৃষ্টি ঝরে গাছের পাতায়
বুড়ো জোয়ান ব্যাঙের ছাতায়।
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
আউশ আমন ধানের চারায়
ঘরবাড়ি ক্ষেতখামার ভাসায়
কাউকে কাঁদায় কাউকে হাসায়।
