গ্রামটিকে বলা হয় অদ্ভুত গ্রাম। কারণ, এখানে কত রকম অদ্ভুত ঘটনা ঘটেছে তা বলে শেষ করা যাবে না।
তবে সব ঘটনার মূলে ছিল একটা নীল পক্ষী। এই নীল পক্ষীটি আসার আগে গ্রামটি অন্য গ্রামের মতো সাধারণ ছিল। একটা সুন্দর নামও ছিল। মুখে মুখে অদ্ভুত গ্রাম বলতে বলতে গ্রামের নামই হয়ে গেল অদ্ভুত গ্রাম। আজ আর কেউ গ্রামের আসল নামটি মনে করতে পারে না। এক বিকেলে পুরো আকাশ অন্ধকার হয়ে আসতে লাগল। পশ্চিম দিক থেকে গরম বাতাস বইতে শুরু করল। সবাই ভয়ে অস্থির হয়ে গেল। যে যেখানে ছিল ছুটে যার যার বাড়ির দিকে যেতে থাকল। সন্ধ্যার পরপরই শুরু হলো তুমুল ঝড়। গাছপালা আর বাড়িঘর এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু কোনো মানুষ মারা গেল না। সবাই বাইরে এসে একটা মাঠের মধ্যে জড়ো হলো। ঘণ্টাখানেকের ঝড়ের তাণ্ডব শেষ হলো। পুরো গ্রাম বিলীন হয়ে গেল। কেবল খোলা আকাশের নিচে রইল ঝড়ের কবল থেকে বেঁচে যাওয়া মানুষেরা। তারা যখন দিশেহারা, তখনই তাদের চোখ আটকে গেল। তারা দেখতে পেল চার পাশে শত শত নীল রঙের পক্ষী মরে পড়ে আছে। তাদের ভেতরে কেবল একটি নীল পক্ষী তখনো জীবিত আছে। তবে সে মারাত্মক আহত হয়ে ছটফট করছিল আর বাঁচার জন্য মিনতি করে মানুষকে ডাকছিল। তখন গ্রামের সব লোক নিজেদের কথা ভুলে সেই নীল পক্ষীকে বাঁচানোর চেষ্টায় মেতে উঠল। খাওয়া-নাওয়া বাদ দিয়ে তারা দিন-রাত পক্ষীর সেবা করতে থাকল। দুই দিনের সেবায় সেটি পুরোপুরি সুস্থ হয়ে গেল। মানুষের প্রতি এবার পক্ষীটির কৃতজ্ঞতার শেষ নেই। সে মানুষের জন্যও কিছু করার ইচ্ছা করল। আর এটা করা তার পক্ষে তেমন কঠিন নয়। কারণ, নীল পক্ষীটি কোনো সাধারণ পক্ষী ছিল না। তার ছিল অদৃশ্য ক্ষমতা। গ্রামের মানুষ নিজেদের বাড়ি তৈরি করতে গিয়ে যখন হিমশিম খাওয়ার উপক্রম, তখনই পক্ষীটি এগিয়ে এলো। সে উড়ে উড়ে একটা করে গাছের ওপর বসে আর অমনি সেই গাছ বাড়ি হয়ে যায়। দেখতে দেখতে অনেক বাড়ি হয়ে গেল। গ্রামের মানুষের খোলা আকাশের নিচে থাকার দিন শেষ হলো। গ্রামের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। কিন্তু এ অবস্থা আবার বিপদের মুখোমুখি হলো। অজানা এক রোগ এসে গ্রামে প্রবেশ করল। সেটি এমন এক রোগ, যা কেবল শিশুদের আক্রমণ করল। চোখের পলকে সব শিশু আক্রান্ত হয়ে পড়ল অজানা সেই রোগে। শিশুদের রোগ যন্ত্রণায় ছটফট আর চিৎকারে পুরো গ্রাম শোকে ছেয়ে গেল। যখন সবাই নিরুপায় ঠিক তখনই সেই নীল পক্ষীটি সহায় হয়ে দাঁড়াল। সে শিশুদের কানে কানে কী সব বলে গেল আর সাথে সাথে সব শিশু একসাথে হেসে উঠল। গ্রামের লোক কেবল অবাক চোখে দেখতে লাগল। হাসতে হাসতে সব শিশু বিছানা ছেড়ে উঠানে চলে এলো। তারপর সেই পক্ষীটির সাথে খেলায় মেতে উঠল। অজানা রোগ গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেল। এরপর বেশ কিছু দিন গ্রামের মানুষ সুখেই ছিল। হঠাৎ একদিন গ্রামের ওপর কালো ছায়া পড়ল। যে গ্রামে প্রতি বছর নানা রকম শস্য আর ফসল ফলত, সেই গ্রামের সব ফসল একেবারে ধ্বংস হয়ে গেল। পাকা ধান এক রাতে কালো হয়ে গেল। গাছের সব ফলমূল মাটিতে ঝরে পড়েই বালু হয়ে গেল। এমন ঘটনায় সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এবার তারা মনে হয় অনাহারেই মরবে। ঘরে যে খাবার ছিল তা শেষ হয়ে গেল। আর কোনো উপায় না পেয়ে সবার মাথায় যেন ভাঁজ পড়ল। চিন্তায় সবাই যখন ভেঙে পড়ল, তখনই আবার সেই নীল পক্ষীটি তার জাদু দেখাল। ফসলের ক্ষেত আর ফলের বাগানের ওপর দিয়ে সেই পক্ষীটি উড়ে গেল। ওড়ার সময় কেবল শিস বাজাতে লাগল। আর সেই জাদুর শিসে ফসলগুলো প্রাণ ফিরে পেল। গাছ থেকে পড়ে বালু হওয়া সেসব ফল আবার ডালে গিয়ে ঝুলতে লাগল টসটসে পাকা হয়ে। এবার সবাই যতটা অবাক হলো, তারও বেশি পক্ষীটির প্রতি কৃতজ্ঞ হলো। শিশুরা তার ছবি এঁকে বাড়িতে টানিয়ে রাখল। এভাবেই নীল পক্ষীটি হলো গ্রামের সবচেয়ে উপকারী বন্ধু।