নূর মোহাম্মদ দীন
জলের তৃষ্ণা
জলে তৃষ্ণা মেটে;
কিন্তু সেই জলেরই
আজ তৃষ্ণা হয় শুনে
হয়তো বা পাগল ভাবছো আমায়
তবে শুনে রেখো
জলের তৃষ্ণা আজ
যত নদী-খাল-বিল-সমুদ্র সমান
কাঠফাটা জ্বালাময়ী তৃষ্ণা
কী উদ্ভট পৃথিবীর পথ!
জলশূন্য মরুরেখায়
কে যেন বলছে,
‘জল দে জল দে...
চিবিয়ে খাবো দুনিয়ার জল।’
হামীম রায়হান
দ্বিগুণ ভালো
মোটা কাঁথা মুড়িয়ে তুমি
নিচ্ছ শীতের মজা,
ওই যে দেখো পথে কারা
কাটায় শীতের সাজা।
নামী দামি জ্যাকেট পরে
পাচ্ছ শীতে সুখ,
লোকজন সব আদুল গায়ে,
কাঁপছে শীতে বুক।
আলমারিতে অনেক জামা
আছে তোমার পড়ে,
কিছু জামা দান করে যাও
তুমি তাদের তরে।
দেখবে তখন তাদের চোখে
আশীর্বাদের আলো,
শীতটা তবে লাগবে তোমার
আরো দ্বিগুণ ভালো।
সাদিক আল আমিন
মহীরুহ বন্দনা
শৈশবী বিকেল আর
ছনের গায়ে লেপ্টে থাকা হরিদ্রাত্বক
আতুরঘরের সন্নিবদ্ধ অন্তর্দাহে
বিলীন হয়ে যাচ্ছে।
সদ্য গজানো গুল্মের আকারে
ফেটে পড়ছে হিম-বসন আর
দুঃস্বপ্নগুলো মাটি থেকে খুঁটে খাচ্ছে
জলীয় শব্দের প্রপাত।
ব্যাকুল স্বভাবী পৌরুষ কান্নাগুলো
মিলিয়ে যাচ্ছে ছায়াহীন প্রকট গহ্বরে।
মহীরুহ বন্দনা শেষে পৌষের বাঁটে
মুখ রেখেছে সঙ্গীহীন রাত্রিনর,
তুষারে আমূল চোখ খুলেছে
প্রত্যাশী নীল প্রসূন।
আহাদী মহুয়া বন গুল্মহীন
পড়ে আছে নিসাড় অরণ্যে!
মো: আরিফ হোসেন
ভালোবাসা মানে
ভালোবাসা মানে প্রিয়ার উজ্জ্বল মুখ,
লম্বা কেশ বাঁকা ঠোঁটের হাসি,
যুগল নয়নের প্রোজ্জ্বল চাউনি,
রাত নিশীথে স্নিগ্ধ প্রেমালাপ।
প্রিয়তমার বে মাথা রেখে
চিত্তের কথা আদান-প্রদান
দু’জন দু’জনকে নিজের করে
এক সাথে জনম জনম থাকা।
কবির কাঞ্চন
বিজয় এলে
বিজয় এলে সোনার দেশে
সোনার ছেলে জাগে
একাত্তরের দাগে
লাল-সবুজের ঐ নিশানায়
গৌরব হাওয়া লাগে।
এই দেশেরই আলো-বাতাস
এই দেশেরই ভাষা
মিটায় মনের আশা
যাঁদের ত্যাগে রক্তদামে,
দিলেম ভালোবাসা।
দেশকে ভালোবেসে যাঁরা
স্বাধীনতার রেশে
জীবন দিলেন হেসে
দেশের মানুষ শ্রদ্ধা জানায়
তাঁদের ভালোবেসে।
রুহুল আমিন রাকিব
বেদনার আলপনা
ঠোঁটে উড়ে নিকোটিনের ধোঁয়া;
শঙ্খ চিলের ডানায় সাজে
আমার গোধূলি বিকাল।
তিমির রাতে শহর সাজিয়ে নেই শুভ্র কাপড়ে!
শিশিরসিক্ত নয়নে কেঁদে যায় প্যাঁচাদের দল;
ওদের সাথে আমার আত্মার সুনিপুণ পথচলা।
বেশ আছি, ভালো আছি!
তোমার নূপুরের শব্দে কষ্টেরা মিতালি করে,
শুকনো পাতার মর্মর সুরের সাথে!
বোবা কান্নায় কেটে যায় ঘুমহীন প্রহর!
অথচ তোমার হৃদয়ে চলছে
অতীত স্মৃতি মোছার অভিলাষ!
আমি শুনতে পাই হৃদয় পোড়ার গন্ধ;
তোমার উঠানে চলছে নতুন বরণের আয়োজন!
দিন শেষে এই শহরে
প্যাঁচাদের ডানায় নামে সন্ধ্যার আলপনা।
তুমি সুখী হও রাতের জোছনা স্নানে
নিয়ে নতুনকে, সাথে ধূমায়িত কফির মগ!
এইচ এস সরোয়ারদী
তিলে তিলে
কি কারণে বন্ধু তুমি
আমায় একা ফেলে,
অনেক কিছু বাকি রেখে
কেন চলে গেলে।
আশা দিয়ে বন্ধু আমায়
মারলে তিলে তিলে,
ভালোবেসে কেন তুমি
এতই কষ্ট দিলে।
কথা দিয়ে কেন তুমি
দিলে আমায় ফাঁকি,
তোমায় ছেড়ে এখন আমি
কেমন করে থাকি।
সুফিয়ান আহমদ চৌধুরী
মিষ্টি রাঙা দিনে
নবান্নের আয়োজনে ঘরে ঘরে
পড়ল কী যে সাড়া
হেমন্তের মিষ্টি রাঙা দিনে অই
পড়ছে ধান মাড়া।
সোনা রোদ হাসে ঝলোমল
খুশির পড়ে ধুম
মাঠে মাঠে দুলে ধান পাকা
হাওয়া দেয় চুম।
দুঃখ ভুলে সুখে রাঙা দিনে
সুখের বার্তা ঘরে
পাকা ধান ওঠে চাষিঘরে
আনন্দে মন ভরে।
হেমন্তের এই ছবি রাঙা মনে
দেয় খুব দোলা
প্রিয় দেশ কত উজালা যে
যায় না তো ভোলা।
