শফিকুল ইসলাম শফিক
ভাষার চিঠি
মায়ের কাছে পাতায় পাতায়
চিঠি লেখি বর্ণমালা দিয়ে,
শত হাজার গান কবিতা
যুদ্ধ করি বাংলা ভাষা নিয়ে।
এই ভাষাতে গান গেয়ে যায়
দোয়েল কোয়েল ময়নাসহ টিয়ে,
ভাষার জন্য শহীদ মিনার
মধুর ভাষা পাবে কোথায় গিয়ে?
বর্ণমালার নাও সাজিয়ে
অচিন দেশে যাচ্ছি মাকে নিয়ে,
কোনো ছেলে ডর করিনা
পাল যে উড়াই ভাষার শরাব পিয়ে।
সুফিয়ান আহমদ চৌধুরী
বাংলা আমার
বাংলা আমার সবুজ শোভা
পাখ পাখালির গান
বাংলা আমার চাষির মুখে
বয় খুশির যে বান।
বাংলা আমার ধানের খেতে
দুলছে পাকা ধান
বাংলা আমার ভোরের আলো
ভুলে যে সবে মান।
বাংলা আমার দীঘির জলে
শাপলা শালুক হাসে
বাংলা আমার ইলিক ঝিলিক
শিশির কণা ঘাসে।
বাংলা আমার রাখাল ছেলে
বাজায় সুখে বাঁশি
বাংলা আমার বাউল গান
সুখ যে রাশি রাশি।
আসাদউজ্জামান খান
ভাষা আন্দোলন
ফেব্রুয়ারি একুশ তারিখ
ভাষা আন্দোলনে
বায়ান্নতে ভাষার জন্য
লড়ছে জনে জনে।
নিজের রক্ত কালি করে
লিখছে বাংলা ভাষা
মাতৃভাষায় বলবে কথা
এটাই দাবি আশা।
মায়ের মুখের মাতৃভাষা
পারে না কেউ ছাড়তে
বাংলা মায়ের সন্তানেরা
দেয়নি কাউকে কাড়তে।
বীর সেনারা ভাষার জন্য
রক্ত দিয়ে গেলেন
বায়ান্নতে মায়ের মুখের
বাংলা ভাষা পেলেন।
পলাশ কুণ্ডু
শহীদ মিনার
শহীদ মিনার বলছে কথা
ভাষাসৈনিকদের
রাষ্ট্রভাষা ‘বাংলা’ মোদের
ধন গৌরবের।
শহীদ মিনার দিচ্ছে ডাক
বাংলার ছায়াতলে
‘বাংলা’ আমার মাতৃভাষা
যাবো কী করে ভুলে!
শহীদ মিনার শ্রদ্ধার উঠোন
বাংলার বাঙালির
একুশে ফেব্রুয়ারি ফুল নিয়ে
ভিড় জমে ভাষাপ্রেমীর।
হামীম রায়হান
একুশ
একুশ
আসলে পরে
ফিরে রফিক, সালাম
বাংলা ভাষায় অক্ষয় তাঁদের নাম।
বাংলা ভাষার বাঁচাতে গিয়ে মান,
রাজপথে তাই বিলিয়ে দিলো প্রাণ।
এমন করে কেউ কি কবেÑ
ভাষার জন্য প্রাণ বিলাবে!
তাঁদের তরে,
প্রতি ভোরে
জানাই যে সম্মান।
আরিফ হোসেন
মাতৃভাষা
মাতৃভাষা বাংলা চেয়ে
সেøাগান যারা ধরল,
পাক হানারা তাদের বুকে
গুলির আঘাত করল।
রফিক, শফিক,সালাম, বরকত
ঢাললো বুকের রক্ত,
জীবন দিয়ে আন্দোলনটা
করল খুবই শক্ত।
প্রাণ দিয়েছে বিলীন করে
মায়ের ভাষার জন্য,
ভাষার জন্য জীবন দিয়ে
হলো তারা ধন্য।
আলী এরশাদ
বাংলা ভাষা
যেই ভাষাতে বলতে কথা
জীবন দিলো আমার ভাই;
প্রাণ জুড়ানো বাংলা সে যে
এমন ভাষা বিশ্বে নাই।
সালাম, শফিক বরকতেরা
তাই তো সেদিন গায় রে গান
মানবো নাকো সইবো নাকো
মায়ের কোনো অপমান।
এসো সবাই সেই ভাষাটি
চর্চা করি মন খুলে;
শহীদগণের আত্মা কাঁদে
বাংলা যদি রই ভুলে।
ফেব্রুয়ারি এলেই শুধু
ভাষা নিয়ে সরব হই;
কেন বলো অন্য সময়
বাংলা নিয়ে নীরব রই?
বাংলাকে আজ বিশ্বমাঝে
ছড়িয়ে দিতে পণ করি;
কপটতা ছেড়ে এসো
নিজের ভাষায় গান ধরি।
কবির কাঞ্চন
বইমেলা প্রাণের মেলা
বইমেলা যে প্রাণের মেলা বাঙালিদের কাছে
জাতি গড়ার আসল মন্ত্র বইয়ের মাঝে আছে।
বাংলা একাডেমি সাজে ফেব্রুয়ারি মাসে
নতুন বইয়ের গন্ধ ভাসে মাঠের চারিপাশে।
স্টলে ওই সারি সারি বই উঠেছে কতো
লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলার মতো।
ছোট বড় সবাই কিনে যার মনে যেই রুচি
পছন্দের বই কিনতে পেরে মনকে করে শুচি।
এক মাসব্যাপী চলবে মেলা মিডিয়াতেও আসবে
প্রিয় কবির অটোগ্রাফে পাঠক সুখে ভাসবে।
দেশ-বিদেশের সবাই আসুক বইকে ভালোবেসে
মেলার পানে ছুটুক সবাই বইপাগলের বেশে।
