হৃদয় ভুবন দোলে
আমিনুল ইসলাম
ঈদ খুশিতে হৃদয় ভুবন দোলে
কিশোর যেন উড়াল পাখি
ভাসে মেঘের কোলে।
কিশোরী তো রূপকথার এক রানী
কষ্ট-ব্যথা পেছন রেখে
দারুণ জানাজানি।
মিষ্টি-ঝালের মধুর মাখামাখি
সকাল দুপুর সন্ধ্যা যেন
পাখির ডাকাডাকি।
ঈদ এলো ফের সরু ভেলায় চড়ে
দেশের মানুষ ভালো থাকুক
এখন এবং পরে।
সবার জন্য ঈদ আনন্দ
আবদুল কুদ্দুস ফরিদী
সাঁঝাকাশে উঠলো নতুন
রঙিন বাঁকা চাঁদ,
রাত পোহালেই ঈদের খুশি
আনন্দ সওগাত।
তারায় তারায় সাজলো আকাশ
চাঁদকে ভালোবেসে,
দিকে দিকে ঈদের খুশি
ছড়িয়ে যায় শেষে।
ফিরনি-পায়েস কোর্মা-পোলাও সবার ঘরে ঘরে,
ঈদের নামাজ পড়তে যাবো নতুন পোশাক পরে।
এ খুশিতে সবাই যেন পেতে পারে ভাগ,
সবার জন্য ঈদ আনন্দ প্রীতি অনুরাগ।
পাখির বাসা
প্রজীৎ ঘোষ
বিলের ধারে চিলের বাসা
বকের বাসা কই?
গাঙ শালিকের বাসা গাঙে
জানিস কি তা সই!
বাবুই পাখির তাল গাছেতে
চড়–ই পাখি কই?
কাকতাড়–য়ার বাসা কোথায়
জানিস কি তা সই?
টিয়ার বাসা নারকেল গাছে
পাপিয়ার বাসা কই?
মাছরাঙাটার বাসা কোথায়
জানিস কি তা সই?
দোয়েল কোয়েল ময়না শ্যামা
বল তো কোথায় থাকে?
কাক কেনরে কোকিল হয়ে
ফাগুন মাসে ডাকে?
ফুলের সখী মিষ্টি হেসে
বলল শোনেক সই?
সকল পাখির বাসা বনে
তোর কাছেতে কই।
মায়ের স্মৃতি
হাসান ফখরুল
মায়ের স্মৃতি ভুলে যাবো
কেমন করে আমি
মা যে আমার ত্রিভুবনে
সবার চেয়ে দামি!
মাগো তুমি কেমন আছো
আমায় রেখে একা
বছর পাঁচেক গত হলো
পাইনি তোমার দেখা।
আয়রে খোকা ভাত খেয়ে যা
বলতে তুমি কত!
এমন স্মৃতি বুকে গাঁথা
আছে আরো শত।
তোমার স্মৃতি মনে পড়ে
কষ্টে ভাসে বুক
অর্থকড়ি দালান কোঠায়
পাই না আমি সুখ।
প্রভুর কাছে দু’হাত তুলে
করি মোনাজাত
যেথায় থাকো ভালো থেকো
দিও কভু নাজাত।
ঈদটা এবার
হোসেন মোতালেব
ঈদটা এবার এমন হোক
ঝুটঝামেলা ছাড়া
ঝিলিক দিয়ে উঠুক চাঁদ
মিষ্টি নজর কাড়া।
ঈদটা এবার এমন হোক
হাসিখুশি ভরা
স্বর্গসুখে ভরে উঠুক
এই না বসুন্ধরা।
ঈদটা এবার এমন হোক
দীন-দুঃখীদের নীড়ে
দৈন্যদশা দূর হয়ে যাক
শান্তি আসুক ফিরে।
ঈদটা এবার এমন হোক
সারা জীবন ভরে
মানবতার কল্যাণে প্রাণ
দেবো উজাড় করে।
ঈদুল ফিতর ঈদ
আবুল খায়ের
চাঁদ দেখেই রোজা শুরু
চাঁদ দেখেই করি ঈদ
ঈদুল ফিতর ঈদ
বলো ঈদ মোবারক ঈদ।
সিয়াম পালনকারী যারা
নূরের আবির তারা
মেনেছেন বিধির বিধান
সবাই হয়েছে ধন্য
নফল ইবাদতের জন্য
পাবে তার প্রতিদান।
ক্ষমা পাবেন আজ তারা
পাপী-তাপী ছিল যারা
কলুষমুক্ত হলো হৃদ
ঈদ মোবারক ঈদ।
হিংসে-বিভেদ যাবো ভুলে
মিশবো সবাই প্রাণখুলে
থাকবে না কোনো জিদ
বলো ঈদ মোবারক ঈদ।
