তমসুর হোসেন
সন্ধ্যা

গাছের পাতা আঁধারের প্রলেপে ঢেকে
প্রতিটি সন্ধ্যা হারিয়ে যায়
গভীর রাতে ঘন হয় আঁধার
দূরের বাতাসে ধরিত্রীকে শূন্য করে
ঝরে যায় পুরনো পাতা
পাখির নীড়ে গড়িয়ে পড়ে বেদনার তরঙ্গ
ভালো না লাগার অচেনা অনুভূতি।
সারাটা দিন কেউ তো সন্ধ্যার অপেক্ষায় থাকে না
ক্লান্ত পাখি যখন অলস ডানায় উড়ে যায়
ধরণীর সব আলো গুটিয়ে নিয়ে
স্রোতের মতো সন্ধ্যা নেমে আসে
ক্ষণিকের জন্য হলেও হৃদয়ে বেদনার ছায়া পড়ে।
এমন অনেক ব্যথিত সন্ধ্যা চলে যায় জীবন থেকে
অনেক মেঘ অনেক ঢেউ অনেক অশ্রুর সাথে মিশে
প্রত্যেক মানুষের জীবনে একটি মলিন সন্ধ্যা আসে
তখন নেমে আসে অনন্তলোক থেকে দুঃসহ আঁধার
মহাকালের বৃক্ষ থেকে অলক্ষে পাতা ঝরে যায়।
ফুলবাড়ী, কুড়িগ্রাম

হাসান নাজমুল
কখনো জানবে না কেউ

কখনো জানবে না কেউ-
শেষ বিকেলের বৈঠকের কথা;
দিগন্ত-আলাপ কেউ শোনে?
কেউ রাখে মনে বিকেলের মায়া?
তোমাকে-আমাকে এক সাথে দেখেছিল
কিছু পিপীলিকা;
হয়তো রেকর্ড করেছে একান্ত আলাপ;
কিছু ঘাসফড়িং রেখেছে মনে অমর চাহনি;
তরুণ ঘাসগুলোর আতিথেয়তা
ভুলে যাওয়ার দুঃসাহস নেই,
আকাশের নীল রঙ চরম আকর্ষণে-
হৃদয়ে ধারণ করেছে কিছু দৃশ্য
অথচ মানুষ ধ্বংস করেছে সমস্ত ক্যামেরা।
প্রিয়জন-১৬১৬

দিপু খান
নিমন্ত্রণ রইলো

একপশলা ঘামের নিমন্ত্রণ রইলো
চৌত্রের খাঁ খাঁ রৌদ্রে নয়
হেমন্তের শেষ বিকেলে
কিংবা শীতের মিষ্টি সকালে
যখন ঘাসের ডগায়
শিশির ফোঁটার মাঝে
আকাশ ভেসে ওঠে
তখন কৃষকের ধান ক্ষেত
অথবা ফসলের মাঠে
এক পশলা ঘামের নিমন্ত্রণ রইলো।
এয়ারকন্ডিশনের শীতল হাওয়ায়
চোখের কোণে রঙিন স্বপ্ন রেখে
রাজপথে ঝাঁঝালো সংলাপে-
অধিকার আদায়ের প্রত্যয় বোধ নেই বলে
এই রতœ সাধক রোজ মাথা নুয়ে
ঘামের সাথে চোখের পানি ছেড়ে নির্বাক
মাটিতে বুক মিশে খোঁজেÑ জন্মান্ধতার রহস্য
যেখানে আমরা পরে থাকি।
সিঙ্গাপুর

আব্দুস সালাম
গহিন আঁধার

তীর্থের কাকের মতো মেঠো পথের বাঁকে বাঁকে
প্রতীক্ষার প্রহর গুনি ছুটির ঘণ্টার প্রত্যাশায়
দৃষ্টির আঙ্গিনায় আমার ছায়া দেখে
পথ আগলিয়েছ কতবার অকারণে।
ভীরু হিয়ায় সাহস যুগিয়েছিলে
প্রশান্তির ডালি সাজিয়ে
তোমার আমার ধরার আলো দর্শনের
দিনক্ষণের ব্যবধান আর আভিজাত্য
ঘুচিয়ে ঠাঁই নিয়েছে হৃদয় গহনে।
আমার চেতনার ঘুম ভাঙেনি তখনো
আমি বুঝিনিÑ
কোন অমিয় সুধা পানের যন্ত্রণায়
তুমি কাতর ছিলে
আমি বুঝিনিÑ
এভাবেই তুমি হারিয়ে যাবে
অমাবস্যার আঁধার গহিনে।
যন্ত্রণার যে প্রদীপ তুমি জ্বেলেছ
তার তীব্র দহন আমাকে
কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত।
আমার চারিদিকে মৃত্যুর হাতছানি গহিন আঁধার।
ঢাকা

 

আলী আকবর
মেঘ হতে চাই

আমি মেঘ হতে চাই মেঘ
তোমার আকাশজুড়ে
দেখবো শুধু ঘুরে
আমার জন্য জমানো আবেগ।
আমি কদম হবো কদম
তোমার খোঁপা গুঁজে
আমায় পাবে খুঁজে
এই কথাটা সত্যি একদম।
আমি শ্রাবণ হবো শ্রাবণ
তোমার নয়ন কোণে
চলে যাবো এই কথাটি শুনে
আমি তোমার কতটা আপন?
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর