যে লোকটা শুয়ে আছে রাত্রির স্টেশনে
সাদা বস্ত্রে ঢাকা, যেন ঝড়ে উপড়ে যাওয়া
কোনো তালগাছ, কী কথা যে তার মনে
করছে এখন খেলা! সব চাওয়া-পাওয়া
জীবনের যার হয়ে গেছে শেষ, যার
জ্যোতিহীন চোখ জুড়ে শুধু অমানিশি,
মৃত্যু যাকে নিয়ে গেছে অনন্তের পার,
করবে না ক্রিয়া কোনো পৃথিবীর বিষ-ই
যার স্থির দেহ-যন্ত্রেÑ সে কি শুয়ে শুয়ে
করছে অপেক্ষা কারো, আমাদেরই মতো?
নাকি তার শূন্য হাতে মহাকাশ ছুঁয়ে
হাসছে নিঃশব্দে, দেখে ছোটাছুটিরত
যাত্রীদের, যাবে যারা এই ট্রেনে চড়ে
দূর কোনো গ্রামে কিংবা অলীক শহরে?
