পাথরের খাঁড়িতে কোনো বেদনা নেই
এই মাত্র গোর দিয়ে এলাম
একটি লাশ
করুণ বিনাশ
দোয়া করলাম, ফুলেল কোমলতা দিলাম।

অনেকেরই হাসিমুখ
মৃত্যু আজ দিলো বিষ পরোয়ানা
কেউ কেউ অবাক বলে ওঠে
আহা বেচারী, কষ্ট থেকে বেঁচে গেল।

চুরাশির বৃদ্ধটি ছাই রঙা বন্ধু ছিলো
চল্লিশ বছর ঘর
মনে হলো সে ও বেঁচে গেলো
বিষাদ হাওয়া দক্ষিণে বয়।

অপেক্ষায় রয় অভাগীর প্রাণ
অধার্মিকের দেশে উপকথা
আর কি হতে পারে
শস্য পারুল ফোটে না ক্ষেতে।

এক বিন্দু জল নেই কারো
চোখ যেন পাথরের খাঁড়ি
মানুষের সাথে আড়ি
একটি মানবিক রাত্রি দিলো পাড়ি।

আমরা কি পাথর হয়ে গেছি নাকি।