আমার ভবিষ্যৎ নিয়ে ততটা উদ্বিগ্ন নই
যতটা উদ্বিগ্ন বর্তমান নিয়ে।
কারণ পৃথিবীর ভবিষ্যৎই বড় বিপন্ন!
আমার ভবিষ্যৎ উড়িয়ে দিয়েছি এক
অদৃশ্য নায়ের পালে
কিন্তু বর্তমান আমাকে খামচে ধরছে
হায়েনার মতো
আর আমি গোঙাতে গোঙাতে
বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ছি।
হায়, আমি তো সাঁতার জানি না
কৌশলী শিকারির মতো!
ভবিতব্য ছেড়ে দিয়েছি অনিশ্চয়তার গভীরে
কিন্তু বর্তমান নিয়ে সতত উদ্বিগ্ন
কারণ সে আমাকে চিবিয়ে খাচ্ছে
অষ্টপ্রহর!
আমার বর্তমান এবং পৃথিবীর ভবিষ্যৎ
নিয়ে আমি এতটাই উদ্বিগ্ন যে
আজকাল আর রাতেও ঘুমাতে পারি না।
আমি একটি স্বপ্নের চারণভূমি নির্মাণ করছিলাম
কিন্তু অকস্মাৎ একদল বন্য-বরাহ
তার ভেতর ঢুকে পড়লো
আর আমি সেদিক থেকে মুখ ফিরিয়ে নিলাম।
এখন আমি স্বপ্ন দেখার কথা ভুলেই গেছি
যেমন ভুলে গেছি জন্মমুহূর্তের কথা
কী যে দুঃসহ সময়!
