তোমরা যদি পুঁটি, কাচকি, মলা, ঢেলা ইত্যাদি মাছের নাম শুনে থাক, তবে মনে হয় খইলশা মাছের নামও শুনেছ। খইলশা মাছকে সংক্ষেপে অনেকে খলসে মাছ বলেন। এরা আকার-আকৃতিতে প্রায় পুঁটি মাছের সমান হয়ে থাকে। তবে এদের শরীরে পুঁটি মাছের তুলনায় কাঁটা একটু বেশিই। এরা স্বাদু বা মিঠা পানির অতি সুস্বাদু মাছ।
খইলশা মাছ নানা ধরনের হয়ে থাকে। যেমন আগুনে লাল খইলশা, নিয়ন লাল খইলশা, নিয়ন নীল খইলশা, নীল খইলশা ইত্যাদি। আগুনে লাল খইলশা দেখতে অনেকটাই আগুনের মতো লাল। মনে হয় এ কারণেই এ জাতের খইলশাকে আগুনে লাল খইলশা বলা হয়ে থাকে। অন্য জাত বা ধরনের খইলশার নামকরণ করা হয়েছে তাদের শরীরের বৈচিত্র্যময় নানা রঙের কারণেই।
পুরুষ খইলশা আর স্ত্রী খইলশা চেনার সহজ উপায় বা মাধ্যম আছে। যেমন লাল খইলশা হয় ছেলে, আর মেয়ে বা স্ত্রী খইলশা হয় নীল রঙের। বেশির ভাগ সময়ে এরা জলাশয় বা পানির উপরের অংশেই বিচরণ করে। আর শ্বাস নেয় সরাসরি বায়ু থেকে। ডিম ছাড়ার সময় হলে ছেলে খইলশা ও স্ত্রী খইলশা বেশির ভাগ সময় একসাথে বসবাস করে। আর বাসা তৈরি করে জলজ উদ্ভিদের মধ্যে বুদবুদ তৈরি করে। বাসা এবং তার চার পাশ দেখভালের দায়িত্ব নেয় ছেলে খইলশা। ডিম ফুটতে শুরু করে ১৪ থেকে ২৪ ঘণ্টার মধ্যে। আর পোনা সাঁতার শুরু করে ৩-৪ দিনের মধ্যে। একটি মেয়ে মাছ ডিম পাড়ে গড়ে ৫০০ থেকে ৬০০টি। খইলশা মাছ জীবন ধারণ করে ছোটখাটো পোকামাকড়, শৈবাল ইত্যাদি খেয়ে।
খইলশা দেখতে অনেকটাই চান্দা মাছের মতো আয়তাকার। দেহ দৃঢ় বা শক্তভাবে চাপা। তবে শরীর তুলনায় মুখ বেশ ছোট। অবতল বা উঁচুমতো এদের ঘাড়। এদের কাঁটা বেশ শক্ত। দূর থেকে দেখলে খইলশা মাছকে অনেকটাই কৈ মাছের মতো দেখা যায়। সারা শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে খুবই সুন্দর লাগে। বেশির ভাগ সময় এ মাছ লতাপাতার আড়ালে ঘাপটি মেরে থাকে। তবে সময়তে বেশ চঞ্চলও। ধরতে চাইলে শরীরের উপরের ও নিচের কাঁটাগুলো মেলে আত্মরক্ষার চেষ্টা চালায়। এরা নোংরা পানি সহ্য করতে পারে না। খাল, বিল, ডোবা, বদ্ধ জলাশয়ের অল্প স্রোতবিশিষ্ট পানি এদের বেশ পছন্দ।
পৃথিবীর অনেক দেশে এই মাছ কম-বেশি দেখা যায়। তবে দক্ষিণ এশিয়া, বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এদের আদি নিবাস। অর্থাৎ এখনো বাংলাদেশের অনেক বাজারে এ মাছ কম-বেশি দেখা যায়। বর্ষাকাল এদের বেশি প্রিয়। অনেক সময়ে খইলশা মাছ অন্যান্য ছোট মাছের সাথে বিচরণ করে। এরা একটিনোপটেরিজিল শ্রেণীর মাছ। আর পরিবার হচ্ছে অসফ্রোনেমিডা। সাদা রঙের খইলশাকে অনেকে চুনা খইলশা বলেন। আর যেগুলো আকার আকৃতিতে বেশ বড় সেগুলোকে বলা হয় বড় খইলশা।
তোমরা যদি পুঁটি, কাচকি, মলা, ঢেলা ইত্যাদি মাছের নাম শুনে থাক, তবে মনে হয় খইলশা মাছের নামও শুনেছ। খইলশা মাছকে সংক্ষেপে অনেকে খলসে মাছ বলেন।...
