এক বনে বাস করত এক চিতা। সে খুব হিংসুটে আর হিংস্র ছিল। সে তার এলাকায় কোনো নিরীহ প্রাণীকে আসতে দিত না। যে প্রাণীই আসত, সে প্রাণীই চিতার খাবারে পরিণত হতো। একদিন এক খরগোশছানা ভুল করে তার এলাকায় প্রবেশ করে। খরগোশছানা জানত না যে, এটা চিতার এলাকা। ওই সময় চিতাটা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। খরগোশ হঠাৎ দেখতে পেল চিতা নাক ডেকে ঘুমাচ্ছে। খরগোশ ভয় পেয়ে যায়। কিন্তু সে কোনো ক্রমেই এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিল না। সেখানে আটকা পড়ে গেল সে। আর যখন চিতা জেগে উঠল তখন দেখে শিকার তার চোখের সামনেই। সে খপ করে খরগোশকে ধরে খেয়ে ফেলে।
তারপর অনেক দিন কেটে গেল। কোনো প্রাণীই আর চিতার এলাকায় প্রবেশ করে না। চিতাও শিকারের অভাবে আর পেটের ক্ষুধায় আরো হিংস্র হয়ে ওঠে। কিন্তু তার এলাকার বাইরে যাওয়ার নিয়ম নেই। তাই পেটের ক্ষুধা নিয়েও শিকারের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। অপেক্ষা করতে করতে হঠাৎ চিতা একটি হরিণকে দেখতে পায়। সে তার এলাকা থেকে হরিণকে ডেকে বলে, ‘ও হরিণ ভায়া, একটু শুনে যাও। আমার পেটে খুব ব্যথা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। শেষবারের মতো আমায় দেখে যাও।’ বোকা হরিণ বুঝতে না পেরে কাছে আসে। আর অসুস্থ চিতাকে দেখতে এসে সে তার শিকার হয়ে যায়।
এভাবে কিছু দিন কেটে যাওয়ার পর আরেক দিন একটা ছাগল এসে প্রবেশ করে চিতার এলাকায়। ছাগল প্রবেশ করায় চিতার মনে খুব আনন্দ। আজ মজা করে সে খাবে ওই ছাগলকে। চিতা ছাগলকে ডেকে বলছে, ‘ওহে বোকা ছাগল তুমি কি জানো না এটা চিতার এলাকা? তুমি কোন সাহসে এখানে প্রবেশ করেছ? আজ তো তুমি আমার পেটেই যাবে।
ছাগলটা প্রথমে ভয় পেয়ে যায়। কিন্তু সে বাঁচার জন্য শেষ একটা প্রচেষ্টা করার পরিকল্পনা করে। সে চিৎকার করে বলে, ‘ওহ চিতা মশাই, নিজের এলাকায় কুকুরও তো নিজেকে রাজা মনে করে। আপনি তো চিতা। আপনি নিশ্চয়ই কুকুরের চেয়ে অধিক বলবান? যদি অধিক বলবান হন তাহলে আমাকে আপনার এলাকার বাইরে গিয়ে হত্যা করে দেখান তো!
চিতা রেগে গেল। সে বলল, ‘কী? আমাকে কুকুরের সাথে তুলনা করেছ? চলো, বাইরে চলো ওখানেই তোমাকে খাবো। দেখি কে তোমাকে রক্ষা করে?’ এই বলে ছাগল আর চিতাবাঘ এলাকার বাইরে আসে। এলাকার বাইরে আসার পর চালাক ছাগল বলে, ‘ওহে চিতা। তুমি আস্ত একটা বোকা। তুমি এতই বোকা যে নিজের এলাকা ছেড়ে সিংহের এলাকায় এসেছ আমাকে খেতে। তুমি কি জানো না এই বনের আইন? একজনের এলাকায় অন্যজন শিকার করা নিষিদ্ধ?’ সিংহও তখন এগিয়ে এসে বলে, ‘হে চিতা, তুমি তোমার এলাকায় যাও। ওখানে গিয়ে শিকার করো।’ পরে চিতা যেতে রাজি না হওয়ায় সিংহ ও চিতার মধ্যে যুদ্ধ শুরু হয়। এই ফাঁকে ছাগল এখান থেকে পালিয়ে যায়। এভাবে ছাগলের প্রাণ রক্ষা পায় আর যুদ্ধে চিতা নিহত হয়।
