বানর এখন
খান মোহাম্মদ খালেদ
দাওয়াত খাবে বানরে--
কলার কাঁদি আনরে,
কলা এখন খায় না বানর
সে-কথা না-জানরে?
পুকুরে জাল টানরে !
মাছ দিয়ে ভাত খেয়ে সে খায়
জর্দাসহ পানও রে
সুখে শোনায় গানও রে,
দিন গিয়েছে পাল্টে এখন
খায় না কলা বানরে।
শহর ছেড়ে একটু দূরে
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
শহর ছেড়ে একটু দূরে
আমার ছোট গ্রাম,
সবার সেরা মায়ায় ঘেরা
স্বপ্নমাখা দাম।
কোকিল ডাকে পাতার ফাঁকে
ভরদুপুরে ওই,
শিশির ঝরে ঘাসের পরে
এ গ্রাম পাবে কই?
শহর ছেড়ে একটু দূরে
যেথায় ঘুঘু ডাকে,
ধানের ক্ষেতে অরুণ প্রাতে
গ্রামের ছবি আঁকে।
ওখানটাতে চাঁদনী রাতে
ঝলমলে এক আলো,
ঠিকরে পড়ে সবার ঘরে
মন হয়ে যায় ভালো।
আমরা শিশু
ইমতিয়াজ সুলতান ইমরান
আমরা শিশু আমরা কিশোর
আমরা খোকাখুকি
আমরা হবো সুয্যিমামা
আলোয় দেবো উঁকি।
আমরা কুসুম আমরা কলি
আমরা মধুর হাসি
আমরা দেবো এই ভুবনে
সুবাস রাশি রাশি।
আমরা সবুজ আমরা কুঁড়ি
আমরা দেবো ছায়া
আমরা দেবো বিমল বাতাস
মনজুড়ানো মায়া।
আমরা দোয়েল আমরা কোয়েল
গাইব মধুর গান
আমরা হব চাঁদ-তারকা
করব আলো দান।
আমরা স্বাধীন নাচব তাধিন
নেই আমাদের ভয়
আমরা হবো আলোর প্রদীপ
করব ভুবন জয়।
শীত এলো হিম শীত
সুফিয়ান আহমদ চৌধুরী
হিম শীতে ঝিম ধরে
কাড়ে সুখ কাড়ে
টেনশন বাড়ে খুব
বাড়ে দুঃখ বাড়ে।
হাসি নেই খুশি নেই
শীতে কী যে ভয়
শীতজামা গায়ে পরে
লোকজন রয়।
ঠাণ্ডা শীত বাড়ে হায়
শান্তি উধাও হয়
শীতে ছুটে কাজে ছুটে
ভীষণ কষ্টে রয়।
শীত এলো হিম শীত
আলো নেই আলো
চারদিক আঁধারেতে
আছে ঢেকে কালো।
