ফেব্রুয়ারি মানে ভাষার মাস। মেলার মাস। এই মাসের প্রথম দিন থেকেই শুরু হয় বইমেলা। যার আয়োজক বাংলা একাডেমি। এ বইমেলা যেমন আমাদের ঐতিহ্য বহন করে তেমনি আমাদের জ্ঞানপিপাসু হতে উজ্জীবিত করে। এ মেলায় বইপ্রেমীরা অনেক দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। সবাই যে বই কিনতে আসেন তাও নয়। তার পরও তো আসেন।
একটা সময় ছিল যখন বই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হতো। মানুষ অবসর সময়ে বা বিনোদনের জন্য বইয়ে গভীরভাবে ডুবে যেত। পড়তে পড়তে মনের কল্পনাতে দৃশ্যপট সৃষ্টি করত। কষ্টের কাহিনী পড়ে ব্যথিত আর সুখের কাহিনীতে হতো পুলকিত। একটি ভালো বই এ দুয়ার থেকে সে দুয়ার অর্থাৎ পাঠক থেকে পাঠকের হাতে হাতে ঘুরে বেড়াত। বইকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই এ দেশে অনেক লেখক নন্দিত হয়েছেন। তবে মানুষ ইদানীং খুব ব্যস্ত সময় পার করছে। আগের মতো বইপড়া তাদের আর হয়ে ওঠে না। বিশেষ করে নতুন প্রজন্ম পাঠ্যবই ব্যতীত অন্য বইয়ের পেছনে সময় ব্যয় করতে আগ্রহী নয়। কারণ বই পড়তে যে সময় ব্যয় হবে তার চেয়ে কম সময় ব্যয় করে তারা আরো আকর্ষণীয় বিনোদন হাতের নাগালে পাচ্ছে। তাই মানুষের কাছে বইয়ের স্থান ক্রমেই পিছিয়ে পড়ছে। মানুষ এখন বইয়ে সময় ব্যয় করা থেকে আধুনিক প্রযুক্তিতে মনোনিবেশ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে। রাত দিন ডুবে থাকছে রঙিন দুনিয়ায়। প্রযুক্তিতে ডুবে থাকা দোষের কিছু না। তবে বই থেকে মুখ ফিরিয়ে নেয়া খুব শুভ লক্ষণ ও নয়। কারণ পড়ার মাধ্যমেই মানুষের জ্ঞান সুচারু আর ধারালো হয়। বই পড়ার মাধ্যমেই শব্দ ভাণ্ডরের প্রবৃদ্ধি ঘটে। মনুষ্যত্ব বিকাশেও এর গুরুত্ব অসীম। বই মানুষকে প্রভাবিতও করে।
একজন লেখকই হচ্ছেন বইয়ের জন্মদাতা। বই মানুষের ত্রিনয়ন উন্মোচন করে। এ ক্ষেত্রে ভালো বইয়ের বিকল্প কিছু হতেই পারে না। তাই ভালো মানসিকতা তৈরি করতে ভালো বই প্রকাশ করতে হবে। দায়িত্ব নিতে হবে লেখকদেরও। যাতে মানুষ ভুল-সঠিক সহজেই বুঝতে পারে।
‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’ উক্তিটি সবার জানা। এ ও সত্য, বই পড়লে লোকসান ও হয় না। অনেকে শখ করেই বই কিনেন। আর সে বই না পড়ে শোকেজে সাজিয়ে রাখেন। এতে হয়তো ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়বে কিন্তু মনের সৌন্দর্য বাড়বে না। একটা কথা মনে রাখতে হবে, বই শুধু কেনার জন্য নয়, পড়ার জন্য কিনতে হবে। ভাষার মাসে আসুন বইয়ের সাথে আমরা সখ্য গড়ে তুলি। বইকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেই নতুন প্রজন্মের সাথে।
পূর্ব শিলুয়া, ফেনী
ফেব্রুয়ারি মানে ভাষার মাস। মেলার মাস। এই মাসের প্রথম দিন থেকেই শুরু হয় বইমেলা। যার আয়োজক বাংলা একাডেমি। এ বইমেলা যেমন আমাদের ঐতিহ্য বহন করে...
