লকডাউন! কনডেম সেল! স্টপ!
পৃথিবীর মাথার ওপর আচ্ছাদিত ছাতাটি শত ছিদ্র হয়ে যাচ্ছে!
প্রতিটি ছিদ্র দিয়েই ঝরঝর করে ঝরছে
মারী, মহামারী, করোনা...
একটার পর একটা ক্রমাগত!...
লকডাউন! কনডেম সেল! স্টপ!
হ্যাঁ, গোটা বিশ্বই এখন লকডাউন!
বিশ্বের প্রতিটি গৃহই এখন একেকটি কনডেম সেল!
প্রত্যহ, প্রতিটি মুহূর্তে চলে যাচ্ছে
মৃত্যু গহ্বরে একের পর এক!...
লকডাউন! কনডেম সেল! স্টপ!
হায়! যে কবি প্রতি প্রত্যুষে বাতাসের গন্ধ শুঁকে
প্রণয় কিংবা প্রলয়ের পূর্ব সঙ্কেত
পৌঁছে দিত ঘরে ঘরে,
সেও এখন আর বুঝতে পারে না...
কখন সূর্য ওঠে, কখন অস্ত যায়!
লকডাউন! কনডেম সেল! স্টপ!
গোটা বিশ্বই এখন লকডাউন!
গোটা বিশ্বই এখন কনডেম সেল! স্টপ!
গোটা পৃথিবীই এখন কম্পমান
সামান্য এক ইঙ্গিতে,
প্রতিটি কনডেম সেল
প্রতীক্ষায় আছে প্রস্তুতির ভঙ্গিতে!
ভাবি, শুধু ভাবি...
ফুলস্টফ না পড়া পর্যন্ত
কি করে থামি?
যদিও লকডাউন, কনডেম সেল, করোনা
তবুও ফুটুক কদম, কেয়া, নয়নতারা...
হে মেঘমালা, হে বৃষ্টি তুমি অবিরাম ঝরো না !....
