সুরাইয়া তোমাকে এখন খুব দরকার
সুরাইয়া তুমি উদিত হলে রাহুগ্রাস চলে যাবে
তুমি হাসি দিলেই বাগানে ফুল ফুটবে
সবুজ সমুদ্রে ভরে যাবে জ্বরাগ্রস্ত এ পৃথিবী
বন্ধ কলকারখানা খুলে যাবে।
হরতাল বন্ধ হবে
নিষেধাজ্ঞা চলে যাবে
গাড়ি ঘোড়া চলবে
আবার জমবে মেলা হাট খোলা বটতলা কলকাকলিতে ভরে যাবে
হে প্রিয়তম সুনন্দা সুরাইয়া তুমি ভোরের আকাশে উদিত হও,
আবার স্মিত হাস্যে ভরিয়ে তোল এ আনন্দ
নিকেতন, তুমি হাসো
আমি কথা দিলাম এতেকাফে যাবো
সিয়ামের শেষ দশকে তুমি আসবে
ফেরেশতার পাখায় তোমার মায়াবী জোছনা
ভিজিয়ে দেবে করোনা কৃষ্ণ পৃথিবী।
সুরাইয়া তুমি আসলেই নীরব ঘাতক নিশ্চিত পালাবে
সালমান ফারসির উত্তর প্রজন্ম এ কথা ধূলির আস্তর থেকে
উদ্ধার করে বলছেন
প্রিয়তম নবি তাঁর উম্মতের মুসিবত মুক্তির
এ অনন্য সুন্দর দলিল
প্রভু প্রিয় সৃষ্টির ধ্বংসের রাক্ষস থেকে বাঁচাতে
সুরাইয়া হে নক্ষত্র তোমাকে পাঠাবেন
সুরাইয়া প্রিয়তম তুমি উদিত হও তোমার ঠোঁটের
পবিত্র ছোঁয়ায়, তোমার গামা রোশনির তাজাল্লিতে
পুড়ে ভস্ম হয়ে যাবে এই অদৃশ্য ঘাতক।
তুমি পরম প্রভুর বিতান থেকে শেফার সৌরভ নিয়ে এসো।