আমাদের চোখে অনাবাদি ঘুম জাগে
মেঘের আরতি শ্রাবণ দিনের গান
কেবলি তোমার মুগ্ধ যে অনুরাগে
বর্ষার মতোই নেচে ওঠে এই প্রাণ
হৃদয় লকারে হাজারো অতীত স্মৃতি
শাপলা-শালুক দৃশ্যপটে আঁকা
কচি চারাঘাস দেখে দেখে বাড়ে প্রীতি
তোমার ভেতরে স্বদেশের বেঁচে থাকা
আয়েশি দুপুর খুঁজে ফিরে তার মুখ
বিকালের মতো লাল হতে থাকে নদী
বানের অতলে ঢেকে থাকে কার সুখ
একটি সূর্য অবার উঠিত যদি
একটি আকাশে হাজার রকম তারা
তারার শরীরে অভাবের হাতছানি
আমাদের ঘুম চুরি করে নেয় যারা
তাদের বিষয়ে কতটুকু আর জানি!
