এখনো আমি দেখলেই থামি
শিশির জড়ানো ঘাসফুলে,
দারুণ খেলা বেলা-অবেলা
যেমন দেখেছি কাশফুলে।

ভোরের বাতাসে বিনয় প্রকাশে
গায়ে মাখে রোদ্দুর,
সারি সারি গ্রাম জানায় প্রণাম
দুটি চোখ যায় যদ্দুর।

তাকিয়ে দেখি অপরূপ সে কী
প্রজাপতি রঙ ছড়ায়,
প্রণয় আকুল ফুলেরা ব্যাকুল
অঙ্গ বিছিয়ে জড়ায়।

খেজুর রসে মৌমাছি বসে
আড় চোখে কী যে বলে,
সবুজ পাতায় জড়ানো লতায়
শিশিরের খেলা চলে।

পাতা ছাড়িয়ে শিশির গড়িয়ে
ঘাসফুলে দেয় চুম,
মন ভিজে যায় শিশির ছোঁয়ায়
শীত পরশের ধুম।

শিশির পরশে স্বলাজ হরষে
ফুলেরা যেমন হাসে,
কচিকচি মন ভিজে সারাক্ষণ
শরত শিশিরে ভাসে।