গাছের পাতারা সবুজ হয়েছে কেন!
ফুলের বাগানে নেই কেন ফুলপরি;
ময়না টিয়ারা কথা শিখে যায় কেন!
মনে মনে আমি উত্তর খুঁজে মরি।

পুকুরের জলে ইলিশ থাকলে ক্ষতি কী
সত্যিকারেই আছে নাকি ভূত জ্বিন;
আকাশে কিভাবে তুলোর পাহাড় হলো,
প্রশ্নে প্রশ্নে কেটে যায় রাত দিন!

হাঁসের ছানারা সাঁতার কিভাবে শেখে,
ঢেউতোলা কেন ঘরের টিনের চাল;
রোজ রোজ আমি শুধুই প্রশ্ন করি,
শিক্ষকেরাও হয়ে যান নাজেহাল!

মাটির গভীরে জল কোথা থেকে এলো,
রাত্রি দিনের ব্যাখাও অজানা;
জঙ্গলে কেন দাবানল জ্বলে ওঠে,
হাজারো প্রশ্নে দিশেহারা বাবা মা!

একের পর এক ছুঁড়েছি প্রশ্নবাণ।
উত্তর পেতে চঞ্চল হয়ে রই,
জানা অজানার সখ্য গড়িয়ে দিতে
অবশেষে বাবা হাতে তুলে দেন বই।