কোথায় গিয়ে লুকালো সেই সোনালি শৈশব?
পাই না খুঁজে আগের মতো হারালো কই সব!
পদ্ম ফোটা বিল ছিল
সবার মাঝে মিল ছিল
স্মৃতির পাতায় লেখা আছে কাহিনী ওই সব।
কিচিরমিচির পাখপাখালি ডাকত সারাক্ষণ
বিকেল হলে খেলার মাঠে খেলত কতজন
পুষ্পে ভরা গাঁও ছিল
নদীর ঘাটে নাও ছিল
ফুলের ঘ্রাণে পাগলপারা থাকত আমার মন।
দূর-দূরান্তে পাখির বাসার নিতাম গিয়ে খোঁজ
দলবেঁধে সব বন্ধু মিলে ঘুরতে যেতাম রোজ
পুকুর ভরা মাছ ছিল
ফলফলাদির গাছ ছিল
মাঝে মধ্যে চড়ুইভাতির চলত মহা ভোজ।
কোথায় গিয়ে লুকাল সেই সোনালি শৈশব?
পাই না খুঁজে আগের মতো হারাল কই সব!
