শব্দের পালকে শুধু শিশিরের বেদনা লিরিক
অদৃশ্য তোমাকে খোঁজে পাঁজরের জংধরা শিক।
এক পৃষ্ঠে জলছবি - অন্য দিকে শুধুই আগুন
বৃক্ষরাও আতঙ্কিত চার পাশে রক্তঝরা খুন!
আমি চাই স্বর্ণগর্ভা মৃত্তিকার সুখদ স্বদেশ
আসুক সে লালনেরা কণ্ঠে নিয়ে প্রেমপুণ্য রেশ-
সমৃদ্ধ সোপান এসে সমুজ্জ্বল দাঁড়াক সম্মুখে
জরাজীর্ণ পঙ্কিলতা অকল্যাণ দিক সব রুখে।
আমার স্বদেশ হোক একাত্তর চেতনায় মোড়া
বুকে বুকে ঠাঁই নিক পাহাড়িকা তৃপ্ত ঝর্ণা ঝোরা।
সৌহার্দ্য সম্প্রীতি চাই গৃহে চাই অবারিত সুখ
এ হৃদয়ে দুর্নিবার রক্ত সিঁড়ি জনকের মুখ।
যতবার স্বাধীনতা কড়া নাড়ে ভোরের শিশিরে
যুদ্ধের দামামা শুনি রক্তস্নাত এ জমিন ঘিরে।
আবার হে মুক্তিযোদ্ধা বজ্রকণ্ঠে দাঁড়াও সাহসে
ঐক্যবদ্ধ চেতনায় স্বৈরবৃত্ত তোলো ঘষে ঘষে।
দাঁড়িবান্দা কানামাছি শিশুদের প্রাণে দিক সুর
দেশ থেকে দূর হোক দুর্নীতির সকল অসুর।
