বুকের মধ্যে রক্ত-নদী-অশ্রু
শরীরের ঘাম আমাকে সহস্র মাইলÑ
পাড়ি দেবার সাহস জোগায়!
কে বলেছে পারব না? বেশ পারব।
ত্রিশ লক্ষ শহীদ যখন পেরেছে,
মা-মাটিকে আপন করে যারা ত্যাগ করেছেÑ
আপন মানুষ, তাদের মতো অদম্য সাহসী না-হলেও
আমার শরীরে তাদেরই রক্ত বইছে, অদম্য ঝড় বইছেÑ
কূল ভেঙে একাকার করতে পারে যখন-তখন।
গুগল, ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, টুইটার, হোয়াটসআপের যুগেও
আমার বুকে ভাষার লড়াই, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আরÑ
পিতার অসম্মানের ক্ষত, মা-বোনের ত্যাগের মহিমা।
বেশ পারব সব জঞ্জাল ধুয়েমুছে সাফ-সুতরো করতেÑ
তোমার জন্যÑ প্রিয় আগামী প্রজন্ম আমার!
কে বলেছে পারব না?
দেশপ্রেম ভেলাতে পেরেছে কেউ?
মাটির মায়ায় ফিরেছি অজপাড়াগাঁয়ে দৈনতাকে বরণ করতে,
উদোম শরীরে কৃষকের সঙ্গে ভাগাভাগি করি শ্রম আর ঘাম
নদী-জল, ঝড়-বৃষ্টির পুঁথিতে সপেছি মন।
আর কত ত্যাগ আর মমতা ছাড়তে হবে জানি না!
শুধু জানি, বেশ পারব।
কেননা এই মাটি আমার মা। মায়ের বুকেই মৃত্যুর ঘ্রাণ।
