ছিপ ফেলে বসে আছি
এক অদৃশ্য নদীর কিনারে।

কতকাল হলো---
কালের পিঠে জমেছে বহুস্তর শ্যাওলা
রোদবৃষ্টিতে ফাটল ধরেছে
কোথাও বা ঘুণপোকা
তবুও তাকিয়ে আছি ফাতনার দিকে অনিঃশেষ।
কাল আসে
রাতের পর দিন
না, নদীতে ওঠে না কোনো বুদ্বুদ
বড়শিতে পড়ে না কোনো টোকা।

একদা বিরহ -বেদনা ভুলতে
দুঃখ-গ্লানি ঘুচাতে
এসেছিলাম ছিপ হাতে নদীর কিনারে
উঠতি শীতের সবজির মতো
কিছু স্বপ্ন শিকারের জন্য।

হা হতোষ্মি !
কাল যায়, কাল আসে
তবুও কালের বড়শিতে আজও পড়ে না কোনো টান!

আমার দুঃসহ যাতনা উপভোগ করার জন্য
পেছনে কে যেন দাঁড়িয়ে মুচকি হাসছে।
তার প্রলম্ব ছায়াটি ছিপের অগ্রভাগে
বসে উপহাস করছে আমাকে
পড়ন্ত বিকেলে।

কে তুমি?
কোন ছায়ামানবী?
না, জানি না।...