প্রকৃতির আদিম অধিকারে
আষাঢ় আসে, আসে শ্রাবণ
শিকড় থেকে ক্ষরিত আলোর কথা ভেবে
অরণ্য প্রচ্ছদ বদলায়
খুলে দেয় সবুজ পাতার ঝাঁপি
খুলে দেয় কবিতার অভিমুখ।

কী সাবলীলভাবে ওরা প্রকৃতির দূরত্ব জানে
জানে বলেই মাটির গভীরে কত সহজ চলাচল
এ যেন নিশ্চিত এক যুগলবন্দী।

আমাদের কবি ও কবিতা কেন
সংস্কারের পাঠ জানে না
কালি ও কলমে কেন
ঝরে পড়ে শুধু সনির্বন্ধ শরীর!

হে কবি এসো আজ
কোমল ধৈবত থেকে ঋষভে
কবিতায় ছুঁয়ে থাকি শিকড়ে শিকড়।