শীতের রাতে কাঁথা গায়ে
লক্ষ্মীসোনা ঘুমিয়ে,
সোমা গিয়ে জাগিয়ে দিলো
দু’গালে তার চুমিয়ে।
হঠাৎ করে কান্না শুনে
মিছেই বাবা রেগেছে,
তাই-না দেখে দুষ্টু সোমা
বলছে কোথাও লেগেছে!
রেগে গিয়ে বলছে বাবা
পাকনাবুড়ি সোমাকে,
‘ঘুমের ঘোরে করতে আদর
কে বলেছে তোমাকে?’
মা ডেকে কয়, কী হয়েছে?
লক্ষ্মীসোনা কেঁদো না,
দুষ্টুু সোমার ভূত তাড়াবো
আর দেবে না বেদনা।
