আমি যদি জেগে উঠি স্বপ্নের মাঠে
বাতাসের পাপড়িতে ফুল ঝরা বনে
জোসনার সুরভিতে চাঁদ জাগে পাটে
দুধপরী হেঁটে যায় তারাদের সনে।
সরিষার ক্ষেতজুড়ে মৌমাছি মেলা
আকাশের গ্রাম থেকে আসে মৃদু হাওয়া
দোল খায় ঝোল খায় সুবাসের ভেলা
ঘুমঘুম চোখে তাই করে আসা যাওয়া।
আমি যদি জেগে উঠি স্বপ্নের ঝিলে
শাপলার পাতা ঘেঁষে মাছেদের ঘরে
সারাদিন দাপাদাপি পানিদের নীলে
বালিহাঁস ডুব দেয় মাছ থরে থরে।
মেঘ কেটে ঝিকমিক রেলগাড়ি লাল
চোখ দুটি মনে হয় আসমান গোটা
গাঙচিল ওড়াউড়ি ধবধবে পাল
গ্রহদের মাঠভরা জুঁই ফোটা ফোটা।
