একবার একজন জাপানি বেড়াতে গেল চীনে। ফিরে আসার সময় সেখান থেকে নিয়ে এলো ছয়টি চড়ুই পাখি। লোকটি ছয়টি চড়ুই পাখি তার বসকে উপহার দেবে। তবে তার বস খুব খুঁতখুঁতে লোক। তারপর বড্ড সেকেলে লোক সে। একটু এদিক-ওদিক হলেই রেগে লাল হয়ে যান। সাত নম্বরটা বস-এর খুবই প্রিয়। ছয়টি পাখি হয়তো নিতেই চাইবে না। আর একটা চড়ুই দিলেই সাত! তাই লোকটি ছয়টি চড়ুইয়ের সাথে একটা জাপানি চড়ুই মিশিয়ে খাঁচায় পুরে রাখে। এরই মধ্যে খাঁচাটি উপহার দেয় বসকে। বস তো মহাখুশি!
বস্ মহাআনন্দে প্রতিটি চড়ুইকে ভালো করে দেখতে লাগলেন। আর বলতে থাকলেন,বাহ্ বাহ্!
শেষে জাপানি চড়ুইটি দেখে তিনি রেগে যান-কী ব্যাপার! ছয়টি চড়ুই একরকম আর একটি অন্যরকম?
লোকটি বলল, স্যার ছয়টি চড়ুই চীনা একটি জাপানি। বস এবার ভীষণ রেগে গিয়ে বলেন, ছয়টি চীনা একটি জাপানি কেন?
বসের গর্জন শুনে ভয় পেয়ে গেল উত্তরদাতা। কী হয় কী হয় ভেবে সে চুপচাপ বসে থাকল। মিথ্যে কথাও বলতে পারছে না, আবার সত্যি বললেও বিপদ!
ঠিক সেই মুহূর্তে অবস্থা সামাল দিতে মুখ খুলল, জাপানি চড়ুইটি নিজেই। ও ওর ভাষায় বলল, বস্ আমি হচ্ছি অনুবাদক। চীনা চড়ুইগুলোর কথা তো আপনি বুঝতে পারবেন না, সেই জন্যই আমাকে খাঁচায় রাখা হয়েছে। আমি ওদের চীনা ভাষা জাপানি ভাষায় অনুবাদ করে দেবো!
(একটি জাপানি গল্পের ছায়া অবলম্বনে)
