ভাষা। মানুষের প্রতি মহান আল্লাহর এক অনন্য উপহার। মুখের ভাষা পৃথিবীতে একমাত্র মানুষকেই দেয়া হয়েছে। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে ভূষিত হওয়ার যে সকল যোগ্যতা ও গুণাবলি রয়েছে, ভাষাও তার মধ্যে একটি। ভাষার মাধ্যমেই মানুষ প্রকাশ করে হৃদয়ের বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ-বেদনার আবেগময় অনুভূতি।
বিশ্বায়নের এ যুগে আন্তর্জাতিক ভাষা ইংরেজি হওয়ার কারণে সে ভাষায় অবশ্যই আমাদের যোগ্যতা থাকা বাঞ্ছনীয়। বিশ্ব দ্রুতগতিতে এগিয়ে চলছে উন্নতির পথে। বিশ্বের সাথে সমানে তাল মিলিয়ে আমাদেরও এগোতে হবে, এটা বাস্তব। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনসহ সব কিছুতে নতুনত্ব সৃষ্টি ও যুগোপযোগী ব্যবস্থা নিতে হবে। আর এসব বিষয় তখনই সহজতর হবে যখন সর্বক্ষেত্রে মাতৃভাষার প্রয়োগ হবে।
সমৃদ্ধশালী একটি দেশ গড়তে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার দ্বারা ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে। আগামী প্রজন্ম যেন বিশ্বের বুকে সতন্ত্র ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করা উচিত। উচ্চ শিক্ষার মাধ্যম যেন মাতৃভাষা হয় তার সার্বিক ব্যবস্থা করা দরকার। বিশ্বের কাছে বাংলা ভাষা ও সাহিত্য যেন সমুন্নত থাকে এর যথাযথ উদ্যোগ গ্রহণ করা জরুরি। যেদিন বাংলা তথা মাতৃভাষার মূল্যায়ন সর্বস্তরে যাবে সেদিনই ভাষা আন্দোলনের শহিদদের রক্তের ঋণ শোধ হবে। তাদের প্রচেষ্টা ও ত্যাগ সার্থক হবে।