ফাগুন এসেছিল পাতায় পাতায়
শিমুলের ফুলে-ফুলে,
দখিনা হাওয়ায় ধানের চারায়
নেচেছিল দুলে-দুলে।
ফাগুন এসেছিল সবুজে সবুজে
মেঠোপথ ধরে ঘাসে
পদ্ম ভরা লাল দীঘিটার
জলে-ভেজা রাজহাঁসে।
ফাগুন এসেছিল আমের মুকুলে
কাঁঠালের শাখে-শাখে,
ভেঙ্গেছিল ঢেউ জলহীন নদী
স্বপ্নের বাঁকে-বাঁকে।
ফাগুন এসেছিল মিছিলে-মিছিলে
বাংলার চোখে-চোখে
আমি কবি না, দেখিনি তাহারে
ভাই হারা সেই শোকে!
