এইযে আকাশ বিশাল জমিন খুঁটিবিহীন ছাদ
কে পারে সব ভেঙে দিতে মনের সকল খাদ,
পাহাড় থেকে ঝরনা ছুটে কলকলানি গানে
বৃষ্টি এসে সতেজ রাখে জমিন ঘরে প্রাণে।
গাছগাছালির বনের পশু কার মিতালি করে
চাঁদ সুরুজ ও তারারাজি কার ইশারায় নড়ে,
পাখপাখালি কার হুকুমে কোথায় করে বাস
কোন সে বণিক ফসল করে উর্বরতার চাষ।
নদীর বাঁকে জেলের জালে মাছের নৃত্য খেলা
বাঁশ বাগানে খেলায় মাতি যাচ্ছে সময় বেলা,
কাক তাড়–য়া, ডালিম ডালে কোকিল করে বাস
রাজার হুকুম মানতে রাজি দরবারে হাসপাস।
কাশবনে চল সফেদ ফুলে খোঁপায় বাঁধি চুল
কলমিলতা জড়িয়ে দিয়ে ভাঙি মনের ভুল,
ফাল্গুনে আজ মুক্ত বাতাস দুলব গাছের ডালে
এপার থেকে ওপার যাবো গাঁয়ের মেঠো খালে।
বসন্ত রাজ ঋতুর গাড়িতে যাচ্ছে পলাশবাড়ি
শিমুল ফুলের পাপড়িগুলো রাগ দিয়েছে আড়ি,
ফাগুন হাওয়া দমকা বাতাস দুলছে কনকলতা
কৃষ্ণচূড়া বলে দিলো নির্জনতার কথা।
