আকাশে বাতাসে একটি সংখ্যা উড়ছে
পতাকার পতপত শব্দে,পঞ্চাশ!
কান পেতে থাকি এ কিসের উল্লাস!
দোয়েলটি নেচে নেচে বলে গেল, স্বাধীনতা স্বাধীনতা,
আমাদের জাতীয় স্বীকৃতির আয়ুষ্কাল আজ অর্ধশতবর্ষ
শৃঙ্খলমুক্ত হবার ইতিহাসের পঞ্চাশ!
হে স্বাধীনতা,
তোমার এই অর্ধশতবর্ষেও চাওয়া পাওয়া বর্ধিত হলো না
গ্রথিত হলো না ঐক্য
তোমাকে দেয়া কথারা আজ শুধু ধ্বনি হয়ে উড়ছে
আকাশে বাতাসে।
আমাদের অভিজ্ঞতাগুলো খুব বেশি ঠুনকো, যে
শ্রেফ কাচের মতো, সামান্য আঘাতেই ভেঙে যায়!
আমরা প্রজ্ঞা ভুলে গিয়েছি, ভুলে যাই বারবার!
কারা যেন আড়ষ্ট করে দেয় জিহ্বা!
অস্পষ্টতার ভিড়ে যে স্বপ্নগুলো ঘুমিয়ে পড়েছে
তুমি তাদের জাগ্রত করো বাস্তব, সুন্দরে
তৃপ্ত করো সেই মহান নেতার আত্মা
যিনি ডাক দিয়েছিলেন ঐক্য ও সংগ্রামের
দোয়েলটির মতো আমরাও নাচছি পঞ্চাশ বছর ধরে
এ নাচের ভেতর তাল কেটেছে বহুবার
বেতাল নাচে অঙ্গ হতে একটি একটি করে
ঘুঙুর খসে পড়েছে বাংলার মাটিতে
পঞ্চাশের শপথ নিয়ে বলছি, তা কুড়িয়ে পাবো ফের!
হে স্বাধীনতা,
যে শ্রমে তুমি এসেছো এই বাংলায়
আমাদের সে শ্রম প্রযুক্ত করো এই মানচিত্রে
যা পেয়েছি তা গ্রথিত হোক যা পাইনি তাও যুক্ত হোক।
