স্মৃতির মাঠে তেঁতুল তলায় দাঁড়িয়ে আছি আজো
ট্রেন চলে যায় ট্রেন চলে যায় রোজ
মনের মানুষ নেয়নি যে আর খোঁজ।
সব জানালায় ঝাপসা ঝাপটা মুখ
কাঁপছে ছায়া কাঁপছে আমার বুক।
রাতের প্রহরটাকে
মেছো ঈগল ডাকে
ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায়
শীতল বিছানায়।
স্বপ্নে হলো দেখা
স্মৃতির মাঠে দাঁড়িয়ে আছি একা।
যায় ঝরে যায় কৃষ্ণচূড়া তপ্ত হাওয়ার ঝাঁজে
স্বচ্ছপুকুর জলের মুকুর
চমকে উঠি সাঁজে
দাঁড়িয়ে আছি একা
ঢেউ ভেঙে যায়
ঢেউ ভেঙে হয় রেখা।
জলের ছায়ায় মধ্যদুপুর একা
আগুন লাগে সবুজ শাখায়
আগুন লাগে জলে
ফাগুন গেল পুষ্প রেখে
চৈত্র এলো চলে।
বুকের মাঠে গহিন রাতে ট্রেন চলে যায়
সব জানালায় ঝাপসা ঝাপটা মুখ
করাতকলে কাঁটছে আজও বুক।
