আঙিনার ফুলগাছে ফুলপাখি গায়
রোজ এসে নেচে নেচে মনে সুখ পায়।
হাসি খুশি লুটোপুটি ফুলগুলি করে
খুকুমণি দেখে হাসে অন্তর ভরে।
সকালের সোনারোদ ফুলে ফুলে মাখা
পাখিদের কাকলিতে লাগে ঝাকানাকা।
হিম হিম বায়ু বয় সুবাসিত ক্ষণ
খুকুর তো পাঠে আর বসে নারে মন!
ছোট ছোট ছানা বসে থাকে এক ডালে
মা জননী পাখি পোকা তুলে দেয় গালে।
অলিবুকে মধুপান করে মৌমাছি
গুনগুন গান শোনে খুকু কাছাকাছি।
মন চায় পাখিদের সাথে করি গান
ডালে ডালে নেচে নেচে হই আটখান।
ফুলেদের মতো আমি সুবাতাস ছাড়ি
আনন্দে ভরে তুলি সকলের বাড়ি।
জানালার পাশে এই উৎসব রোজ
জেগে উঠে খুকু করে ফুল-পাখি খোঁজ।
ফুলপাখি, ফুলগাছ, ফুল-ফুল মন
মায়াবী এ মনখেলা আনে শুভ ক্ষণ।
