আষাঢ় মাসে বৃষ্টি জলে ভরে নদী, খাল,
পুকুরপাড়ে নুইয়ে পড়ে ডুমুর গাছের ডাল।
ভিজে কেয়া ফুল
পায়রা নদীর কূল,
আকাশ ঘেমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর টুপ,
বৃষ্টি পানি পেলে ব্যাঙের আনন্দ হয় খুব।

গাছের পাতা চুইয়ে চুইয়ে বৃষ্টি যখন পড়ে,
এমন মায়ার আহা দৃশ্যে মন বসে না ঘরে।
যাই যে ছাতা নিয়ে
দেখি ভিজে টিয়ে
ভেজার পরে টিয়ের রংটা হচ্ছে যেন গাঢ়ও,
সাধারণের থেকে তাকে ভালো লাগে আরও।

খালে, বিলে আনন্দতে লাফায় চিংড়ি, পুঁটি,
খোকা-খুকি মাছ ধরিতে করে ছোটাছুটি।
লাঙল জোয়াল কাঁধে নিয়ে
চাষারা যায় মাঠে,
রাজাহাঁসও ভিজে দেখি
হাওর, পুকুর ঘাটে।
আষাঢ় মাসে গ্রাম বাংলা বৃষ্টি ভিজে হাসে,
প্রকৃতি হয় রূপার ছবি দৃষ্টিজুড়ে ভাসে।