আকাশজুড়ে মেঘের ভেলা- নামলো বুঝি ঢল
আষাঢ় মাসের অঝোর ধারা- ছলাৎ ছলাৎ জল;
নদীর কূলে ঝোপের নিচে- এক শ’ কোলাব্যাঙ
আনন্দে যে আত্মহারা- ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ্।

পাশের গাঁয়ের নদীর তীরে- দস্যি ছেলের ঘর
বাদল দিনে উঠছে দুলে- মায়ের বুকে ডর;
মা’য়ে ডাকে খোকন সোনা- আয়রে ঘরে আয়
দেখবি না-কি ব্যাঙের নাচন চড়বি না-কি নায়?

বৃষ্টি-জলে মাখামাখি- খোকার উদোম গা
কলমি-কচুর জলের নিচে- খেলছে মাছের ছা;
দু’কূলজুড়ে জলের রাশি উপচে পড়া ঢেউ
নতুন জলে শাপলা নাচে- তুললো বুঝি কেউ।

গুড়ুম গুড়ুম মেঘের আওয়াজ ব্যাঙের নতুন গান
ছাতার নিচে জাপটে বসে ভাঙছে সবার মান;
ছুটছে খোকা গাঙের জলে ধরবে ছোট মাছ
ব্যাঙের পোনা ধরবে সাথে ছিঁড়বে শাকের গাছ।

হাওড়-বাঁওড়, খালে-বিলে দারুণ ডুবো জল
হরেক রকম মাছের পোনায় আনন্দে খলবল;
মাছের সাথে জলে নাওয়া ব্যাঙের সাথে গান
দিন কেটে যায় মজার ছলে জুড়ায় খোকার প্রাণ।