আমাদের গাঁওজুড়ে সবুজের মাঠ,
ছোট ছোট পুকুরেতে শানবাঁধা ঘাট।
কাঁধে ঝোলে কৃষকের লাঙ্গল, মই;
শালিকের দল করে মাঠে হইচই।
সবুজের বুক চিরে সরু মেঠোপথ,
পাখিদের গানে বাজে সুর নওবত।
রাস্তার দুই ধারে সারি সারি গাছ,
টলটলে নদী জলে খেলা করে মাছ।
বায়ু বয় ফুল ফোটে কাটে সারা দিন,
ঘাসে ঘাসে ফড়িংরা নাচে তাক ধিন।
মাঠে মাঠে রাখালের বাঁশরীর সুর,
মন কাড়ে সকলের আহা কী মধুর!
