কবি আল মাহমুদকে নিবেদিত
দিঘীর জলই নয় গো শুধু পাখির দলও ঐ
গাছের ডালে বসে পড়ে তোমার ছড়ার বই।
শিউলি ফুলও রোজ সকালে তোমার বইয়ে চুমে
পাখির গানে কেমন করে থাকবে তুমি ঘুমে?
চলতে গিয়ে সামনে দেখি নীল জোনাকির আলো,
তাদের সাথেই তুমি হাসো সরিয়ে আঁধার কালো।
জোনাকিরা অন্ধকারে তোমার পদ্য বলে,
তুমি কবি ছিলে, আছো না ঘুমানোর দলে।
মুক্তিকামীর মিছিল হলে তোমারে পাই বঙ্গে,
তোমায় দেখি- হাঁটছ কবি প্রভাতফেরির সঙ্গে।
তোমার ‘বচন’ বাংলা শুনি মিষ্টি মধুর ছন্দে,
তোমার সাথেই মন উচাটন ‘কাঁঠালচাঁপার গন্ধে’।
বইয়ের পাতায় মিছিল করে বর্ণমালা বলেÑ
তুমি কবি জেগেই আছো ‘না ঘুমানোর দলে’।
‘খড়ের গম্বুজ’ হাতছানি দেয় শ্যামলা গাঁয়ের মাঠে
‘কালের কলস’ কাঁখে নিয়ে পল্লী বালা হাটে।
গেরাম ভুলে শহরজুড়ে শুকনো মুখে ঘুরি,
তোমার পদ্যে ঘুম ভেঙে তাও পাখির সাথে উড়ি।
তোমার পায়ে পা মিলিয়ে ‘সোনার নোলক’ খুঁজি,
‘মিথ্যাবদী রাখাল’ হয়ে সত্যটারে বুঝি।
তোমার পথেই দিনে হাঁটি, স্বপ্নে জাগি রাতে,
আশায় থাকি সত্যি হবে স্বপন এসে প্রাতে।
আমরা সবাই ঘুমিয়ে গেলে ঘুম ভাঙাবে কে?
‘শুয়োর মুখো ট্রাক’ আসলে আগুন দেবে কে?
চুপটি আছি, ঘুমাইনি গো, আশায় আছি চেয়ে,
না ঘুমানোর দলে কবি তোমায় রথী পেয়ে।
