পাখির কবি ফুলের কবি, আল মাহমুদ কই?
রাত-প্রকৃতির সাথে বসে করত যে হইচই?
ডাবের মতো চাঁদ দেখতে হয়ে যেত বের;
ছিটকিনিটা খুলত ধীরে কেউ পেত না টের!

যাকে দেখে বলত কথা দিঘির কালো জল
এসো এসো, আমরা সবাই না ঘুমানোর দল!
ভরদুপুরে ছুটত তিনি তিতাস নদীর পাড়
নদীর বুকে দেখতো শীতল ফুলের সমাহার।

আকাশ নিয়ে ভাবত যখন মন হতো তার মেঘ
কখনো বা চিলের ডানা, মিষ্টি হাওয়ার বেগ।
‘আমরা তাকে’ এই ধরাতে আর পাবো না কেউ
কিন্তু স্মৃতি নাড়িয়ে যাবে, কাব্য কথার ঢেউ।