টুঙ্গিপাড়ার সবুজ গাঁয়ে একটি খোকার বাড়ি;
স্বপ্ন মনে আকাশ ছোঁয়া, পাতাল দেবে পাড়ি।

মুজিব বলে সবাই চেনে
ছোট-বড় চলে মেনে।
পাখির সাথে ফুলের সাথে ভাব করে সে চলে,
মিথ্যে কথার ধার ধারে না, সত্য সদাই বলে।

সবার প্রতি হাসি-খুশি
রাগ রাখে না মনে পুষি।
গরিব-দুঃখীর প্রতি যে তার বড্ড বেশি টান!
বাড়ির গোলা করত খালি সবকে করে দান।

বিপদ হলে সবার পাশে
সাহস দিয়ে ভয়কে নাশে।
সব মানুষের সুখের কথা ভাবে মনে-মনে,
দেশ-মানুষের সেবা করো বলে জনে-জনে।

ভালো কাজের সুরে-সুরে
সবার দোয়া কপাল জুড়ে-
বড় হয়ে দেশের জন্য জীবন কাটায় কাজে;
সবার মুখে ফোটে হাসি, দেশটা নতুন সাজে।