রাতের বেলায় মন বলে না, আর বিছানায় থাক
কুমড়োলতার ফাঁকে শুনি ঝিঁঝি পোকার ডাক,
রাতের সাথে ওরাও কি রোজ করে মাখামাখি?
আমার মতোই খেলার কথা দেয় কি পাকাপাকি?
ঘাসের ডগায় আলোর খেলা, শিশির জমে ঢের
রাতটা গভীর হলেই তো হই কুটির থেকে বের।
চাঁদটা হাসে পুব আকাশে, জোছনা ঝিকিমিকি,
জোনাকিরা জ্বালছে আলো তখন ধিকিধিকি!
খুশিতে হই আত্মহারা দেখছি পাহাড় নীল
ঐখানে কি ছিল আমার ছোট্ট গাঁয়ের বিল?
সাত আসমানের ছবি যেন করি আঁকাআঁকি,
নিশাচর ঐ পাখির মতো করছি ডাকাডাকি।
শুয়োরানি দুয়োরানির গল্প হলো শেষ
হঠাৎ ঘুমের ভাঙল দুয়ার স্বপ্ন নিরুদ্দেশ!
মায়ের কোলে, আঁচল তলে মিটমিটিয়ে হাসি,
স্বপ্নটা কি দারুণ ছিল, সুখের পাশাপাশি !
