তোমার পাশে আমরাও নেই একলা তুমি ঘরে,
রোজ-ই কথা হয় তবু মা মনটা খাঁ খাঁ করে!
দিন আমাদের যাচ্ছে ভালো, কাটছে তেমন রাতও,
খাচ্ছি-দাচ্ছি নিয়মিত আতপ-চালের ভাতও।
তবুও বুঝি মনের ভেতর আনন্দটা নেই,
একলা তুমি, তোমার জন্যে হারাই মনের খেই।
আমার মেয়ে ছেলেরা সব আমার সাথেই আছে,
আমারও তো ইচ্ছে করে থাকতে তোমার কাছে।
কোথায় যেন আটকে আছি পায়ে শিকল পরা,
সব আছের এই দেশে তবু মনটা বিষাদ ভরা!

আচ্ছা বলো, তোমার এখন কেমনে কাটে দিন?
বিড়াল দুটো থাকে বুঝি পিছু সারা দিন!
লেবুর ভারে পুকুর পাড়ের নুয়ে পড়া গাছে,
পরাগ ফোটে, খেতেই বুঝি নিত্য লাফায় মাছে?
কমলালেবু জাম্বুরা আর আম কলা ও কুলে,
পেয়ারা খেতে আগের মতো বাদুড়ও কি ঝুলে?

খুব গরমে এখনো তা গাছের ছায়ায় বসে,
মুখটা কি মা ভরাও তবে পান-সুপোরির রসে?
রুটিনমাফিক এখনো কি রাতের খবর দ্যাখো?
দেশ-বিদেশের খবর নিতে টিভিতে চোখ রাখো?
পাড়ার দাদি চাচিরা কি রোজ বিকেলে আসেন?
জীবনের সব গল্প বলেও প্রাণজুড়িয়ে হাসেন?
আম কুড়াতে পাশের বাড়ির রাজু রতœা ছাদি,
এসেই বুঝি আজও বলে কেমন আছো দাদি?

মনের মাঝে এমনি আরো পাহাড় সমান ছবি,
হাতছানিতে আমাকে রোজ নিত্য ডাকে সবই।