ইচ্ছে করে চাঁদ হয়ে যাই ছড়াই রাতের আলো,
দিনের বেলায় সূর্য হয়ে দূর করে দেই কালো।
ইচ্ছে করে তারা হয়ে মিটিমিটি জ্বলি,
উদাস মনে ফুলের বনে ফোটাই ফুলের কলি।

ইচ্ছে করে নদ হয়ে যাই সাঁতার কাটুক মাছে,
নদীর স্রোতে দুঃখ ভাসুক সুখটা আসুক কাছে।
ইচ্ছে করে বাগ হয়ে যাই বাসা বাঁধুক পাখি
কুহুকুহু কলতানে মেলুক শিশু আঁখি।

ইচ্ছে করে মেঘ হয়ে যাই গায়ে মাখি ছায়া,
ভালোবাসার আদর দিয়ে রাখবো প্রাণে মায়া
ইচ্ছে করে কাব্য হয়ে সবার কথা লেখি
বিশ্বটাকে ক্রান্তিকালে কাছে এসে দেখি।

ইচ্ছে করে দেশ হয়ে যাই থাকুক সবাই বুকে,
মানবতায় প্রাণটা দিয়ে থাকি সুখে-দুখে।
ইচ্ছে করে আকাশ হয়ে সূর্য বুকে রাখি
সকাল-সন্ধ্যা বুকের ভেতর দেশ পতাকা আঁকি।