পেতাম যদি পাখির মতো
নীল পালকের ডানা,
পেখম মেলে হাওয়ায় ভেসে
পৌঁছে যেতাম মেঘের দেশে
রাজপ্রাসাদে মেঘ বালিকা
দিতো মজার খানা।
পেতাম যদি পাখির মতো
লাল পালকের ডানা,
তেপান্তরে হারিয়ে যেতাম
সপ্ত সাগর ছাড়িয়ে যেতাম
বন-উপবন ঘুরে ফিরে
হতো চেনাজানা।
পেতাম যদি পাখির মতো
ছোট্ট দু’টি ডানা,
খুশির খেয়ায় ভেসে যেতাম
ফুলপরীদের দেশে যেতাম
পরীর থেকে কিনে নিতাম
ফুলের মালিকানা।
