আমি যখন ছোট্ট ছিলাম
বয়স হবে তিন,
আধো আধো মুখের বুলি
বলতে পারো ছোট্ট কলি
ছুটছি তা-ধিন ধিন।
হলাম এবার একটু বড়
বয়স হলো চার,
অ আ ক খ স্লেট ও খাতা
বর্ণমালার বইয়ের পাতা
আমার উপহার।
এবার আমি ইশকুলে যাই
বয়স হলো পাঁচ,
সকালবেলায় পড়তে বসি
ইচ্ছে হলেই অংক কষি
করি বাড়ির কাজ।
