লোকটা বারবার কী হবে বলো তার?
একথা বলে শুধু কাতরায়
যেন সে হাঁটুপানি দিঘির মাঝখানে
কাতলামাছ হয়ে সাঁতরায়।
বলে সে, হায় খোদা! কী হবে বলো তার,
গিয়েছে পচে যার চিত্ত
মাথায় রাতদিন খেয়েছে পাঁক শুধু
কল্পনার স্বরবৃত্ত?
কত যে কল্পনা জাতসাপের মতো
বেঁধেছে বাসা মস্তিষ্কে-
কী হবে বলো তার, ফেলে যে অমৃত
নিয়েছে মুখে তুলে বিষকে?
নারীকে চষে গেছে জীবন অর্ধেক,
অর্ধেক যে খ্যাতি চাষ করে;
কী হবে বলো তার, শরীর-মন যার
কেবলি কামনায় বাস করে?
দুনিয়া নিয়ে শোয়, দুনিয়া নিয়ে জাগে,
দুনিয়া শুধু যার লক্ষ্য-
কী হবে বলো তার? একথা বলে বলে
লোকটা চাপড়ায় বক্ষ।
করে সে ছটফট, লাগিয়ে দেছে বুঝি
অগ্নি কেউ তার গাত্রে;
নিশীথ হয় ভারী, বুঝি বা কিয়ামত
হে
য়ই যাবে আজ রাত্রে।