শিরশিরানি ছড়ায় গায়ে
হিমেল বাতাস এসে
শীত এসেছে নতুন আমেজ
রূপের বাংলাদেশে।

টুপটাপাটুপ রাতের শিশির
পড়ছে ঝরে হিম
দুধ কুয়াশায় ভোর প্রকৃতি
ঠিক যেনো আইসক্রিম!

মিষ্টি রোদে হাসছে দূরে
সবুজ সবুজ মাঠ
খেজুর রসে শীতের পিঠায়
সাজানো তল্লাট।

শীত এসেছে বাগান জুড়ে
গোলাপ গাঁদার ঢল
শরষে ক্ষেতে গুন গুন সুর
মৌমাছি চঞ্চল।