শীতের ভোরে খুব অদূরে
শিশিরস্নাত ঘাসে,
হিরের কণা মুক্তোদানা
আলতো রোদে হাসে।

সরষে ফুলে খোঁপা খুলে
হিমেল হাওয়ায় দোলে,
মনোলোভা ছড়ায় শোভা
হৃদয়ে ঢেউ তোলে।

আকাশ বেয়ে শিশির মেয়ে
নেমে এসে ধরায়,
কমায় আলো আবছা কালো
চতুর্দিকে ছড়ায়।

শীতের পিঠা ভারি মিঠা
মায়ের হাতে নিত্য,
ভাবতে মনে সঙ্গোপনে
নেচে ওঠে চিত্ত।