আমরা রেলগাড়ির নাম শুনেছি। আকাশে উড়োজাহাজ উড়তে দেখেছি। গ্রামাঞ্চলে ভ্যানগাড়ি দেখেছি। দেখেছি কিভাবে বাস রাস্তার ডানদিক থেকে বাঁয়ের দিকে কোমর বাঁকা নদীর মতো বাঁক নেয়।
আচ্ছা আমরা কি কখনো ট্রামের নাম শুনেছি? ট্রাম! হ্যাঁ ট্রাম। এটা আবার কেমন জিনিস! হয়তো অনেকের মাথায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ট্রাম ট্রেনের তুলনায় হালকা ও ছিমছাম গড়নের এক প্রকার রেলবোর্ড যান। ট্রাম দেখতে অনেকটা ট্রেনের মতো মনে হলেও এটা ট্রেনের মতো এত দীর্ঘ ও চওড়া নয়। ট্রাম যাত্রী পরিবহনেই বেশি ব্যবহার হয়। মূল সড়কের একপাশে এক ধরনের ট্র্যাক থাকে। যার ওপর দিয়ে ধীরগতিতে চলে প্রাচীন এ গণপরিবহন। বর্তমান সময়ে আমরা ট্রাম শব্দটির সাথে তেমন পরিচিত নই। এর অবশ্য কারণ রয়েছে। ট্রাম যখন চলতে শুরু করে, মনে হবে তার তেমন তাড়াহুড়ো নেই। একজন দস্যি ছেলে ভরদুপুরে যেমন ভাবনাহীন হয়ে গোল্লাছুট খেলে যায় ঠিক তেমন! ট্রামও কিছুটা ভাবনাহীন। তার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। অন্যান্য পরিবহনের তুলনায় এটি ধীরগতিতে চলে।
বর্তমান মেট্রোরেল উড়ালসেতুর এ যুগে অনেকে ট্রামকে অনুপযুক্ত মনে করেন। এজন্য অনেক শিল্প সমৃদ্ধ দেশে একটা সময় ট্রাম চলাচল করলেও এখন তা বন্ধ হয়ে গিয়েছে।
জেনে অবাক হতে হবে যে এ ট্রামের জন্ম প্রায় ১৯০ বছর আগে। বাব্বাহ কম সময় নয়! ঠিক তাই। ১৮৩২ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ট্রামগাড়ির সূচনা হয়। সেখানে ট্রামগাড়িকে বলা হতো স্ট্রিটকার আর ট্রাম রাস্তাকে বলা হতো স্ট্রিট রেলওয়ে।
নিউ ইয়র্কের পর ১৮৫৫ সালে ফ্রান্সে ও ১৮৬০ সালে লন্ডনে এ ট্রামের সূচনা হয়। প্রথম প্রথম ট্রামগুলো ঘোড়ায় টানা হতো।
আমরা আমাদের গ্রামের ধানক্ষেতের পাশ দিয়ে চলে যাওয়া যে বিশাল দীর্ঘ আকৃতির ট্রেন দেখি, ট্রাম কিন্তু তেমন দীর্ঘ নয়। ট্রামেও ট্রেনের মতো বগি আছে কিন্তু তা সর্বোচ্চ দুই বগি। তবে ২০১২ সালে কলকাতাতে এক বগির ট্রামও চালু হয়।
আমরা শহরে কিংবা সড়ক-মহাসড়কে ইঞ্জিন চালিত বিভিন্ন মোটরযান চলাচল করতে দেখি। তা থেকে এক রকম ধোঁয়া নির্গত হয়। ফলে আশপাশের পরিবেশ দূষণ হতে থাকে। কিন্তু ট্রাম বিদ্যুৎশক্তিতে চলার কারণে এটি খুবই পরিবেশবান্ধব।
খুবই চমকপ্রদ ব্যাপার হলো কালের আবর্তনে অনেক জায়গায় ট্রাম বন্ধ হয়ে গেলেও দূষণমুক্ত পরিবেশের কথা চিন্তা করে এখন অনেক দেশ ট্রামগাড়িকে আবার ফিরিয়ে আনতে চাইছে। সেসব দেশের মধ্যে উত্তর কোরিয়া, তুরস্ক, পেরু, আলজেরিয়া অন্যতম। তবে আমাদের এ বাংলাদেশে কোনোকালেই ট্রাম ছিল না! পুরো ভারতীয় উপমহাদেশে প্রথম ট্রাম চালু হয় কলকাতাতে। কলকাতার ট্রাম নিয়ে রয়েছে আরেক ঐতিহাসিক মজার ফিরিস্তি। কলকাতার ট্রাম নিয়ে আরেকদিন জম্পেশ আড্ডা হবে।