শীত এলো এলো বলে
খোকাখুকু কোলাহলে
রোদ্দুরে যায়,
সকালের সোনারোদ
খানিক পোহায়।
শীত এলো এলো বলে
খুন্তি-বাটাল নিয়ে
গাছে ওঠে গাছি,
মিষ্টি সুবাস পেয়ে
নাচে মৌমাছি।
শীত জেঁকে বসে গেলে
খেজুরের রস ঢেলে
ভাপাপিঠা খাবে,
গরম পিঠার জেরে
শীতেরা পালাবে।
শীত এলো এলো বলে
নাড়াতে আগুন জ্বলে
রোদে যায় কাঁথা,
কানটুপি দিয়ে ঢাকে
সক্কলে মাথা।