অঙ্কুরিত শব্দের মোজেযা দেখে
মাথামোটা পণ্ডিতেরা দিশেহারা
জন্ম ও পুনর্জন্মের জটিল
পুঁথিগত জ্ঞানসব অচল মুদ্রার মতো বাক্সবন্দী
মুলিবাঁশ-ফাটা শব্দে দৌড়ে পালায়
উড়ন্ত উদোম বেরসিক দাঁড়কাক
ইদানীং শব্দের গুদামে
ভেজালের ক্রম ঊর্ধ্বগতি, কোনো কোনো শব্দ
মেয়াদ উত্তীর্ণ, রুগ্ণ, ভাঙাচোরা, পোকাধরা
কোনো কোনোটি আবার
অর্থান্তরে-রূপান্তরে প্রজন্মের বেশ বেগানাও

এদিকে আবার
জেরবাদী শব্দের বাজার মূল্য শূন্য দশমিক শূন্য

মাথার ভেতরে কিছু শব্দের নিঃশব্দ
কোলাহল, তারা সসম্মানে অভিধান-গৃহে
যেতে চায়, যেতে চায় একুশের শহীদ মিনারে